দোকানের তালা ভেঙ্গে ১৫ লাখ টাকার মালামাল চুরি

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৩৬
নাটোরের বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল শাপলা সিনেমা হল এলাকায় ভাইবোন লেডিস কর্নার নামে একটি দোকানে তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।
 
সংশ্লিষ্টরা জানান, ঈদকে সামনে রেখে মাত্র এক সপ্তাহ আগে লক্ষীকোল শাপলা সিনেমা হল এলাকার দুলাল হোসেন সরকারের নবনির্মিত মার্কেটের একটি কক্ষে তার স্ত্রী সালমা পারভীন শুধুমাত্র মহিলাদের ব্যবহার্য সামগ্রী বিক্রয়ের জন্য এ দোকানটি চালু করেন। 
 
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত বেচাকেনা শেষ করে তিনি দোকানে তালা মেরে বাড়িতে যান। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে দোকানে এসে দেখতে পান দরজার তালা ভাঙ্গা এবং ভেতরে কোন মালপত্র নেই। এ ঘটনায় কমপক্ষে ১৫ লাখ টাকা মূল্যের প্রসাধনী সামগ্রী, শাড়ি, থ্রি-পিসসহ বিভিন্ন সামগ্রী চুরি হয়েছে। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় একটি অভিযোগ করা হয়েছে। 
 
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক তহসেনুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।