বেনারসে মোদির বিরুদ্ধে লড়বেন শতাধিক কৃষক

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ২৩:০৭

ইত্তেফাক ডেস্ক

ভারতে আগামী লোকসভা নির্বাচনে তামিলনাড়ুর বেনারসের আসনে লড়াই করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার বিরুদ্ধে ওই আসনে লড়াই করতে যাচ্ছে শতাধিক কৃষক। এদিকে কংগ্রেসের প্রেসিডেন্ট রাহুল গান্ধী বলেছেন, পশ্চিমবঙ্গে আগের বামপন্থি সরকারের চেয়ে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার ভাল কিছু করেননি। খবর এনডিটিভি’র

মোদির বিরুদ্ধে ১১১ কৃষক

তামিলনাড়ুর কৃষকদের নেতা পি আয়াকান্নু জানিয়েছেন, বেনারসের আসনে প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে ১১১ জন কৃষক লড়াই করবেন। তিনি জানান, উত্তরপ্রদেশ থেকেও বিজেপির বিরুদ্ধে তারা লড়বেন। তবে তাদের দাবি যদি বিজেপি নির্বাচনী   ইশতেহারে যুক্ত করে তাহলে প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত থেকে সরে আসা হবে। আর যদি না হয় তাহলে বর্তমানের সিদ্ধান্তই বহাল থাকবে। এই সিদ্ধান্ত পুরো ভারতের কৃষকদের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এর আগে কৃষকরা বিভিন্ন দাবিতে দিল্লিতে বিক্ষোভ করলেও বিজেপি সরকার সেই দাবি মেনে নেয়নি।

মমতার সমালোচনায় রাহুল

মমতা ব্যানার্জির কড়া সমালোচনা করেছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে এক ব্যক্তির শাসন চলছে। তিনি যা বলেন তাই করা হয়। আর কারো কথা শোনা হয় না। তেমনি দেশে কেবল প্রধানমন্ত্রী মোদির শাসন চলছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদি মিথ্যা বলেন, আর মমতা কোনো অঙ্গীকারই রক্ষা করেন না। রাহুল বলেন, কৃষকরা দাবি জানালেও মোদি-মমতা সেটা শোনেন না। তিনি আরো বলেন, বিজেপি-আরএসএস যেখানে যায় সেখানেই ঘৃণার রাজনীতি করে। গতকাল বিহারে জনসভা করার পর পশ্চিমবঙ্গের মালদহ থেকে লোকসভার নির্বাচনী প্রচারণা শুরু করেন রাহুল।