বগুড়া থেকে প্রকাশিত ভিন্নধর্মী সাহিত্য সামাজিক উন্নয়নমূলক ম্যাগাজিন ‘আলোকিত দেশ’ এর ঈদসংখ্যার মোড়ক উন্মোচন ও আলোকিত দেশ সম্মাননা-২০১৫ প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকাল ৫টায় স্থানীয় পৌর পার্কে রোমেনা আফাজ মুক্ত মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি অধ্যাপক মুহাম্মদ শহীদুল্লাহ।
আলোকিত দেশ এর সম্পাদক নূর মোহাম্মদ আসাদুজ্জামানের সঞ্চালনায় ও উপদেষ্টা সেলিম রেজা কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র অ্যাড. মাহবুবুর রহমান। এছাড়াও বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সংস্কৃতজন মো. আনোয়ারুল ইসলাম বাচ্চু, উচ্চারণ একাডেমীর পরিচালক অ্যাড. পলাশ খন্দকার, দৈনিক ইত্তেফাকের বগুড়া ব্যুরো প্রধান জি এম সজল ও প্রাবন্ধিক আলহাজ্ব মোস্তাকিম হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে ৫ জনকে আলোকিত দেশ সম্মাননা-২০১৫ প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন- কথা সাহিত্যে পিয়াল খন্দকার, সাংবাদিকতায় প্রদীপ ভট্টাচার্য শংকর, সমাজ উন্নয়নে রায়হান আলী, অভিনয়ে হিরো আলম ও ক্ষুদে সংগঠক হিসেবে মো. শাফিউল আলম শাকিল। পরে উচ্চারণ একাডেমীর শিশু শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশীত হয়।
