বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান মক্কা আল মুকাররমায় পৌঁছে বৃহস্পতিবার রাতে পবিত্র ওমরাহ পালন করেছেন। সৌদি রয়েল প্রটোকলের ব্যবস্থাপনায় তারা বায়তুল্লাহ শরীফ তাওয়াফ, মাকামে ইব্রাহিমের পেছনে দুই রাকাত নফল নামাজ আদায়, মুলতাজিমের সামনে বিশেষ মোনাজাত ও সাফামারওয়ায় সাই করে ওমরাহ'র আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় দেশের মানুষের মুক্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সৌদি প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পরিবারের অন্য সদস্যরা ছাড়াও বহু প্রবাসী বাংলাদেশি পবিত্র বায়তুল্লাহ শরীফ তাওয়াফে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সাথে অংশ নেন। বিএনপি সৌদি আরব শাখার সভাপতি আহমদ আলী মুকিব, প্রধান উপদেষ্টা আব্দুর রহমান, মক্কা বিএনপির সভাপতি খন্দকার এম এ হেলাল সিআইপি, সাধারণ সম্পাদক নুরুল আফসার চৌধুরী সহ সকল স্তরের নেতাকর্মীরা এ সময় ছিলেন। এর আগে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের আমন্ত্রণে পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা ও লন্ডন থেকে পৃথক পৃথক সময়ে জেদ্দা কিং আব্দুল আজিজ বিমান বন্দরে পৌঁছলে সৌদি রয়েল প্রটোকলের সিনিয়র কর্মকর্তা বাংলাদেশের দুই নেতাকে বাদশাহ সালমান বিন আবিদুল আজিজের পক্ষে বিমান বন্দরে স্বাগত জানান।
খালেদা জিয়া বুধবার স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দায় অবতরণ করেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টায় এমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দা কিং আব্দুল আজিজ বিমান বন্দরে পৌঁছান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তার স্ত্রী ডা: জোবায়দা রহমান, মেয়ে জায়েমা রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শরমিলি রহমান ও কন্যারা তার সাথে রয়েছেন।
ইত্তেফাক/এএম।
