গাজীপুরে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ১

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ২১:৩৯
গাজীপুর জেলার শ্রীপুর থানার বরমী পুরাতন বাসস্ট্যান্ড এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন ভর্তি গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।
 
র‌্যাব-১ সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি দল এই অভিযান চালায়।
 
গ্রেফতারকৃত ওই অস্ত্র ব্যবসায়ীর নাম মো: মিজানুর রহমান ওরফে মিলন (৪০)। তার বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার খালাখানী গ্রামে বলে জানাগেছে। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি সন্ত্রাসীমূলক কার্যক্রম পরিচালনা এবং অস্ত্র কেনাবেচা করার উদ্দেশ্যে নিজ হেফাজতে এই অস্ত্র রেখেছিল। সে গাজীপুর জেলার একজন তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী।
 
সে দীর্ঘদিন যাবত ঢাকা ও গাজীপুর এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে গাজীপুরের শ্রীপুর থানায় মামলা রয়েছে। অস্ত্রসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।
 
ইত্তেফাক/এসএস