অ্যাপলকে টেক্কা দিতে গ্যালাক্সি ফোল্ডার ২ আনছে স্যামসাং

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৫৬
বুধবার রাতে নতুন আইফোন উন্মোচন করেছে অ্যাপল। প্রতিযোগিতার লড়াইয়ে এগিয়ে থাকতে শুক্রবারই নিজেদের ওয়েবসাইটে একটি নতুন ফ্লিপ স্মার্টফোনের নাম জুড়ল স্যামসাং। গ্যালাক্সি ফোল্ডার ২ নিয়ে এতদিন বিভিন্ন প্রযুক্তি সংক্রান্ত ওয়েবসাইটে কানাঘুষো শোনা যাচ্ছিল, কিন্তু এবার স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত হওয়ায় জল্পনার আর কোনও অবকাশ রইল না। চীনে স্যামসাংয়ের ওয়েবসাইটে আত্মপ্রকাশ ঘটায় সে দেশেই মডেলটির অভিষেক হতে পারে বলে ভাবা হচ্ছে।
 
শেষ কবে ফ্লিপ ফোন ব্যবহার করেছিলেন মনে পড়ে? সেই নস্টালজিয়ার সঙ্গে খাঁটি অ্যান্ড্রয়েড অভিজ্ঞতার ভরপুর স্বাদ দিতেই স্মার্টফোনটি বাজারে আনার তোড়জোড় শুরু করেছে দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠানটি। গত বছর গ্যালাক্সি ফোল্ডার স্মার্টফোন বাজারে আসার পর এটি সিরিজের দ্বিতীয় ফোন। পুরনো ও নতুন হ্যান্ডসেট দু’টির মধ্যে বিশেষ পার্থক্য নেই, শুধু কিপ্যাডের রং ছাড়া। নতুন মডেলের কিপ্যাডের রং মেটালিক সিলভার। মার্শম্যালো আপডেটযুক্ত এই অ্যান্ড্রয়েড ফ্লিপ ফোনে রয়েছে মেটালিক বডি, কিপ্যাড ও ফ্ল্যাশ-সহ ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের।
 
গ্যালাক্সি নোট ২ স্মার্টফোনের স্ক্রিন ৩.৮ ইঞ্চির। নিখুঁত পারফরম্যান্সের জন্য ১.৪ গিগাহার্টজ কোয়াড-কোর স্ন্যাপড্রাগন ৪২৫ এসওসি-র সঙ্গে রয়েছে ২ জিবি র্যােম। মডেলটির ইনবিল্ট স্টোরেজ ১৬ জিবি, মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল ১২৮ জিবি পর্যন্ত। 
 
১৯৫০ এমএএইচ ব্যাটারি থাকার দরুন ৩১৮ ঘণ্টা কথা বলা যাবে বলে দাবি কর্তৃপক্ষের। ১৬০ গ্রাম ওজনের এই ফোর-জি হ্যান্ডসেটটির দাম এখনও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, এই হ্যান্ডসেটটির দাম ২৫০ ডলারের আশেপাশে হতে পারে। তবে মডেলটি কবে বাজারে আসবে সে খবর এখনই স্পষ্ট নয়।
 
ইত্তেফাক/এএম