মৌসুমের প্রথম ডার্বিতে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টারের দুই দল। এবার মাঠের লড়াই ছাপিয়ে যোগ হচ্ছে মাঠের বাইরের লড়াইও। ডাগ আউটে যে থাকবেন সাবেক দুই প্রতিদ্বন্দ্বী কোচ।
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মরিনহো ও ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা এর আগেও মুখোমুখি হয়েছেন। তবে সেটা ছিল এল ক্লাসিকো। স্প্যানিশ লিগের সবচেয়ে জমজমাট খেলায় প্রতিদ্বন্দ্বিতা করার পর এবার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বিতে মুখোমুখি দুই কোচ।
আর লা লিগার পর এবার প্রিমিয়ার লিগে এ দুই সেরা কোচের দ্বৈরথ উপভোগের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। শনিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় ম্যানইউর মাঠে আতিথ্য নেবে ম্যানসিটি। তিন ম্যাচে নিষেধাজ্ঞার কারণে হাইভোল্টেজ ডার্বি ম্যাচটিতে দলের সেরা স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে পাচ্ছে না সিটিজেনরা।
তিন বছর আগে রিয়াল ছেড়ে (২০১০-১৩) দ্বিতীয় মেয়াদে চেলসিতে যোগ দেওয়ার পর গত বছরের শেষদিকে বাজে পারফরম্যান্সের কারণে মরিনহোর ওপর থেকে আস্থা হারায় ব্লুজরা। তবে ‘স্পেশাল ওয়ান’কে ওল্ড ট্রাফোর্ডে নিয়ে আসে আরেক ইংলিশ জায়ান্ট ম্যানইউ।
চলতি মৌসুমে তিন ম্যাচ শেষে ম্যানইউ ও ম্যানসিটি দুই দলের কেউই এখনো হারের মুখ দেখেনি। পয়েন্ট টেবিলে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে গার্দিওলার টিম। চেলসির পেছনে থেকে তিনে রেড ডেভিলসরা।
ইত্তেফাক/এমএইচ
