নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কখনও হতাশ হবেন না। হতাশ হওয়ার প্রশ্নই আসে না; আমরা জয়ী হবই হব। এ দেশের মানুষ জয়ী হবে। যে রাজনীতি মানুষের কথা বলে, কৃষকের কথা বলে, যে রাজনীতি এ মাটির কথা বলে সে রাজনীতি কখনো পরাজিত হতে পারে না। তিনি বলেন, আমরা কঠিন সময় পার করছি, সময়টা অত্যন্ত কঠিন। এটা কঠিন সময় কিন্তু সহজ সময় হয়ে আসবে যদি আমরা সবাই মনে করি হ্যাঁ আমরা পারব।
জাতীয় প্রেস ক্লাবে শনিবার কবি আল মাহমুদের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ শোকসভার আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস।
ফখরুল বলেন, আমরা যদি আল মাহমুদের মতো আমৃত্যু লড়াই-সংগ্রাম করতে থাকি তাহলে আমরা অবশ্যই পারব এবং আমরা জয়ী হব- এ বোধ আনতে হবে।
জাসাসের সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন-গীতিকার ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গাজী মাজহারুল আনোয়ার, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, কবি আব্দুল হাই শিকদার প্রমুখ।
