আইন অমান্য করা মহামারি আকার ধারণ করেছে :ড. কামাল

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ০০:২৯

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সড়ক দুর্ঘটনা রোধে সরকার কখনোই যথাযথ ব্যবস্থা নেয়নি। এজন্য এটা বাড়তে-বাড়তে ভয়াবহ আকার ধারণ করেছে। পুলিশকে যদি অন্যভাবে দুর্বল করে ফেলা হয়, তখন তারা আইনের শাসন থেকে সরে যাওয়ার কারণেই সড়কে বিশৃঙ্খলা দেখা দেয়। রাস্তায় গেলে বোঝা যায় কিভাবে বিশৃঙ্খলা ঘটে। এখন আইন মেনে চলাতো দূরের কথা, অমান্য করাটা মহামারি আকার ধারণ করেছে। গতকাল শনিবার গণফোরামের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে ‘পরিবহন খাতে নৈরাজ্য বন্ধ ও নিরাপদ সড়ক দাবি’ শিরোনামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মেজর জেনারেল (অব.) আ ম সা আমিন বলেন, সড়ক দুর্ঘটনা রোধে জনগণ আশা করেছিল সরকার সত্যিকার অর্থে জনবান্ধব ব্যবস্থা গড়ে তুলতে উদ্যোগী হবে। কিন্তু সরকার উদ্যোগী হয়নি। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছেই, দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য মফিজুল ইসলাম খান কামাল, অধ্যাপক আবু সাইয়িদ ও অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক প্রমুখ উপস্থিত ছিলেন।