কুমিল্লার মুরাদনগর উপজেলার বি-চাপিতলা উত্তর পাড়া গ্রামে সুফিয়া বেগম(৪৫) নামে এক নারীকে গাছের সঙ্গে বেঁধে পাশবিক নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে।
শনিবার সকালে সুফিয়া বেগম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ ১২ জনের নামে বাঙ্গরা বাজার থানায় মামলা করেছেন। সুফিয়া বেগম উপজেলার বি-চাপিতলা উত্তর পাড়া গ্রামের মৃত মতি মিয়ার স্ত্রী।
সুফিয়া বেগম বলেন, ‘মঙ্গলবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাশের বাড়ির আরশ মিয়ার ছেলে সেলিম ও তার পরিবারের লোকজন আমাকে প্রথমে গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করে। পরে গাছের সঙ্গে বেঁধে মারধর করে ও গরম পানিতে লবন, মরিচ মিশিয়ে শরীরের ক্ষত স্থান, চোঁখ-মুখসহ পুরো শরীরে ঢেলে দেয়। গাছের সঙ্গে বেঁধে প্রায় তিন ঘণ্টা আমার ওপর নির্যাতন চালানো হয়।’
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, এ ঘটনায় প্রথমে দুজনকে আটক করা হয়। পরে নির্যাতিত সুফিয়া বেগম আটককৃত জীবনের বিরুদ্ধে অভিযোগ না করায় তাকে ছেড়ে দেয়া হয়। আটককৃত কৌহিনুর বেগমকে শনিবার বিকেলে কুমিল্লা জেল হাজতে পেরণ করা হয়েছে। মামলার অপর আসামিদের আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
ইত্তেফাক/ইউবি
