স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করা হচ্ছে।'
দেশের কোন গ্রাম বিদ্যুৎ বিহীন থাকবে না-এ কথা উল্লেখ করে তিনি বলেন, 'রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার কোন গ্রামও বিদ্যুৎ বিহীন থাকবে না। প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে।'
তিনি আরো বলেন, 'বিদ্যুতের আলো দেশের সকল গ্রাম যেমন আলোকিত করবে, তেমনি প্রতিটি এলাকার ছেলেমেয়েরা বিদ্যুতের আলোয় পড়ালেখা করে সমাজ ও দেশকে আলোকিত করবে।'
মসিউর রহমান রাঙ্গা শনিবার রংপুর জেলার রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২'র আওতায় গঙ্গাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নের মৌভাষা লাখেরাজটারীতে বিদ্যুৎ সংযোগ দানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এ সময় গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি সামসুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, মর্নেয়া ইউনিয়নের চেয়ারম্যান মোছাদ্দেক আলী আজাদ, মর্ণেয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. সামসুদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
রাঙ্গা বলেন, 'ছেলেমেয়েদের পড়ালেখা শিখিয়ে মানুষ করতে হবে। তাদের সবসময় খোঁজ- খবর রাখতে হবে। এলাকায় শিক্ষিতের হার বাড়লে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানব উন্নয়ন হবে।' পরে প্রতিমন্ত্রী গজঘণ্টা ইউনিয়নের ছালাপাক গ্রামে আয়োজিত অপর একটি অনুষ্ঠানে বিদ্যুতায়নের উদ্বোধন করেন।
উল্লেখ্য, মসিউর রহমান রাঙ্গা মর্ণেয়া ইউনিয়নের মৌভাষা লাখেরাজটারীতে ৯৪ টি মিটার এবং গজঘণ্টা ইউনিয়নের ছালাপাক গ্রামের ১৬৫ টি মিটার সংযোগের উদ্বোধন করেন।-বাসস।
ইত্তেফাক/এসএস
