রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ওবায়দুল্লাহ (৪৫) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ির গোলাপবাগ এলাকায় এ ঘটনা ঘটে। তিনি জমিজমা ও ফ্লাটের ব্যবসা করেন বলে জানা গেছে। গুলিবিদ্ধ ওবায়দুল্লাহ পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুনের ভাই।
আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে পল্টন থেকে রিকশায় করে পূর্ব শেখদীর বাসায় ফিরার পথে সায়েদাবাদ ব্রিজের কাছে বধুয়া কমিউনিটি সেন্টারের কাছে মোটর সাইকেলযোগে আগত দুইজন অজ্ঞাত সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়। পরে সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তবে কি কারণে কারা তাকে গুলি করেছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ওবায়দুল্লাহ হাসপাতালের জরুরি বিভাগের ১০১ নম্বর ওয়ার্ডের ২ নম্বর বেডে চিকিত্সাধীন রয়েছে। ওবায়দুল্লাহ শরীরের (পেটে) একটি গুলি বিদ্ধ হয়েছে।
