দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নির্বাচনে মনোনয়ন ফরম কিনতে গেলেও মনোনয়ন বোর্ডের অফিসে তালা থাকায় প্রার্থীদের কেউ কেউ ফরম নিতে পারেননি বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, আলী জামান নামে একজন ব্যবসায়ী নেতা ফরম কিনতে গেলেও তাকে ফরম দেওয়া হয়নি। গতকাল দুপুর থেকে দীর্ঘ সময় চেষ্টা করেও ফরম না পেয়ে মতিঝিলে অবস্থিত এফবিসিসিআই ভবন ত্যাগ করেন। এ পরিস্থিতিতে মনোনয়ন ফরম গ্রহণ ও জমা দেওয়ার জন্য আজ রবিবার ফের ফরম ক্রয় করতে ব্যর্থ প্রার্থীরা ফরম সংগ্রহ করতে যাবেন বলে জানা গেছে। আগামীকাল সোমবার ফরম প্রদানের শেষ তারিখ।
অবশ্য এফবিসিসিআইয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ইত্তেফাককে বলেন, কেউ ফরম কিনতে এসে না পাওয়ার কোনো ঘটনা তার জানা নেই। অফিস সময়ের মধ্যে ফরমের জন্য আসলে তা পাওয়ার কথা।
সংগঠনটির নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক আলী আশরাফ এমপি। অভিযোগের বিষয়ে জানতে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, আগামী ২৭ এপ্রিল এফবিসিসিআইয়ের পরিচালনা পষিদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুই বছরের জন্য সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনটির পরিচালক সংখ্যা সর্বমোট ৭২ জন। এর মধ্যে ৩০ জন স্ব স্ব সংগঠন ও চেম্বার থেকে মনোনীত হয়ে সরাসরি পরিচালক হিসেবে আসেন। বাদবাকি ৪০ জন পরিচালক ভোটে নির্বাচিত হন।
