ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর লালবাগের শহীদ নগরে আমনীগোলা এলাকায় মক্কা হোটেলের গলিতে গতকাল শনিবার রাতে একটি কাগজের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আশপাশের বেশ কিছু দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান জানান, রাত পৌনে ১০টার দিকে ওই কারখানায় আগুন লাগে। পরে রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে। আগুন লাগার কারণ তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও জানা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আগুন লাগার বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে।
শহীদনগরের ওহাব হাসান সাদাফের ফেসবুক লাইভ থেকে প্রথমে আগুনের ঘটনাটি গণমাধ্যমের নজরে আসে। এর পর দ্রুত ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হন। ওই আগুন রাসায়নিক ও প্লাস্টিকের মতো দাহ্য পদার্থের জন্য বেশি ছড়িয়েছিল বলে ফায়ার সার্ভিসের ভাষ্য। ওই ঘটনার পর পুরান ঢাকা থেকে রাসায়নিক ও প্লাস্টিকের গুদাম সরিয়ে নিতে অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। পরে ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে প্লাস্টিক দ্রব্য বাদ দিয়ে রাসায়নিকের কারখানা ও গুদাম সরানোর ঘোষণা দেন মেয়র সাঈদ খোকন। এর আগে ২০১০ সালের ৩ জুন রাতে পুরান ঢাকার নিমতলী এলাকার আগামসিহ লেনের কায়েত্টুলির সাপ মন্দির রোডে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে ১২৫ জনের মৃত্যু হয়।
