গাজীপুরে আনসারুল্লাহ বাংলা টিমের ২ জন গ্রেফতার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ২২:০৭
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গিবাদী সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের দু'সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ রাশেদুল ইসলাম ওরফে স্বপন (২৪) ও তার সহযোগী বিপ্লব হোসেন ওরফে হুজাইফা (৩৩)।
 
তাদের নিকট থেকে নিষিদ্ধ ঘোষিত ৩টি বই এবং দুইটি ধারালো ছোড়া উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে র‌্যাব -১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ তার উত্তরার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
 
তিনি বলেন, আটকরা আনসারুল্লাহ বাংলাটিমের টার্গেট কিলিং গ্রুপের সক্রিয় সদস্য। কাশিমপুর কারাগারে হামলা করা ছিল তাদের অন্যতম লক্ষ্য। কারাগারে হামলা করে তাদের অনুসারী নেতা জসিমউদ্দিন রাহমানীকে মুক্ত করার পরিকল্পনা নিয়ে তারা গাজীপুরে কাজ করছিল বলে র‌্যাব সূত্র জানায়। এজন্য তারা কাশিমপুর এলাকায় কয়েকটি গ্রুপের সাথে সমন্বয় করে আসছিল এবং সুযোগ পেলে হামলা করবে বলে অপেক্ষায় ছিল।
 
লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, তারা বিকল্প হিসেবে রাহমানি এবং অন্যান্য এবিটি নেতারা আদালতে হাজিরা দেওয়ার সময় রাস্তায় হামলা করে তাদের ছিনিয়ে নেয়ার পরিকল্পনাও করেছিল। এছাড়াও টার্গেট কিলিং হিসাবে তারা বিভিন্ন আলোচিত ব্লগার এবং নাস্তিকদের হত্যার পরিকল্পনা করেছিল।
 
তিনি আরো জানান,দেশে রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে ও বিভিন্ন কারণে নিষিদ্ধ এসব জঙ্গি সংগঠনের পলাতক ও জামিনপ্রাপ্ত সদস্যগণ পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করতে থাকে। তাদের সাংগঠনিকভাবে পূর্বের মতো সক্ষমতা না থাকলেও তাদের তৎপরতা কিন্তু একদম বন্ধ হয়নি।
 
র‌্যাব-১ এর উপ-অধিনায়ক মেজর আজম, অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি)) মোহাম্মদ মহিউল ইসলাম, র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার উপ-পরিচালক রইসুল আজম মণি ও সিনিয়র এএসপি মিজানুর রহমান ভূঁইয়াসহ অন্যান্য র‌্যাব কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। -বাসস।
 
ইত্তেফাক/এসএস