কালাইয়ে দুইটি সড়ক চলাচলের অনুপযোগী

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ০১:৫৪
কালাই উপজেলার পাঁচশিরা থেকে মাত্রাই এবং কালাই বাসস্ট্যান্ড থেকে ক্ষেতলাল সংযোগ সড়ক দুইটি দীর্ঘ ৫ বছর যাবত্ বেহাল অবস্থা হওয়ায় চরম ভোগান্তি পোহাচ্ছেন ঐসব এলাকার দুই লক্ষাধিক জনগণ। সংস্কারের অভাবে কার্পেটিং উঠে গিয়ে ইটের খোয়া ও বালু বের হয়ে সড়ক জুড়ে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।
 
উপজেলার পাঁচশিরা থেকে মাত্রাই ইউনিয়ন পর্যন্ত এবং কালাই বাসস্ট্যান্ড থেকে ক্ষেতলাল উপজেলা পর্যন্ত সংযোগ সড়ক দুইটি পাঁচ কিলোমিটার করে মোট ১০ কিলোমিটার। একটু বৃষ্টি হলেই গর্তগুলোতে পানি জমে কাদা-মাটি সৃষ্টি হয়ে সড়ক দু’টি বিপজ্জনক হয়ে থাকে। ঐ সড়ক দু’টিতে প্রতিদিন ছোট-খাটো দুর্ঘটনা লেগেই থাকে। সড়ক দু’টি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ এবং শত শত ট্রাক, বাস, পিকআপ ভ্যান, সিএনজি, টেম্পো, ইজি বাইক, ভ্যান, অটোভ্যান, নছিমন-করিমন ও বিভিন্ন পণ্যবাহী ছোট-বড় যানবাহন চলাচল করে। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী, বিভিন্ন অফিসগামী ও ব্যবসা প্রতিষ্ঠানের লোকজন, রোগী চলাচল করে।
 
কালাই উপজেলার এলজিইডির প্রকৌশলী একেএম নুরুল ইসলাম বলেন, ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারা সড়ক দু’টি দেখে মাপ নিয়ে গেছেন। এখন সময়ের ব্যাপার।
 
কালাই উপজেলা চেয়ারম্যান মো. মিনফুজুর রহমান মিলন বলেন, পাঁচশিরা থেকে মাত্রাই এবং কালাই বাসস্ট্যান্ড থেকে ক্ষেতলাল সড়ক দুইটি তালিকা করে আমাদের জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্যকে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ্ সংস্কারের কাজ খুব তাড়াতাড়ি হবে।
 
ইত্তেফাক/এএন