কমতে শুরু করেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজট

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৫১
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট এখন সহনীয় পর্যায়ে নেমে এসেছে।ফলে স্বস্তির কথা জানিয়েছেন যাত্রী ও পরিহবন শ্রমিকরা। আজ রবিবার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গিয়ে দেখা গেছে যানবাহনের চাপ কম থাকায় যানজট নেই বললেই চলে। স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে যানজট নিয়ন্ত্রণে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা মহাসড়কে নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।
 
পুলিশ সূত্র জানায়, গত কয়েক দিনে যানজটের কারণে মহাসড়ক স্থবির হয়ে পড়েছিল। যানজটের কারণ হচ্ছে- টাঙ্গাইল, জামালপুর ও শেরপুর জেলার যানবাহন ছাড়াও উত্তরাঞ্চলের ২২টি জেলার যানবাহন এখন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতু হয়ে রাজধানী ঢাকার সঙ্গে যাতায়াত করছিল। এক দিকে তীব্র যানজট, অপর দিকে প্রখর রোদ ও তীব্র গরমে যানজটে আটকেপড়া শিশু, বৃদ্ধ, নারীসহ সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে।
 
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন ও গোড়াই হাইওয়ে থানার ওসি মো. খলিলুর রহমান জানিয়েছেন, যানজট এখন স্বাভাবিক পর্যায়ে এসেছে। হাইওয়ে পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশ, জেলা ও থানা পুলিশ, র‌্যাব, আনসার, কমিউনিটি পুলিশ, স্কাউটস, জেলা প্রশাসন ও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন সংস্থার লোকজন কাজ করে যাচ্ছে।
 
টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম ও জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন  জানিয়েছেন, এ বছর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক যানজট মুক্ত রাখতে সকল ধরনের প্রস্ততি নেওয়া হয়েছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সাড়ে সাত শতাধিক পুলিশের পাশাপাশি, র‌্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার স্থাপনসহ মোবাইল টিম কাজ করে যাচ্ছে।
 
 
ইত্তেফাক/এমআই