আর বিএ পরীক্ষা দেয়া হল না রাজধানী মিরপুরস্থ বাংলা কলেজের প্রথম বর্ষের সমাজ কল্যাণ বিভাগের মেধাবী ছাত্র মো. চুন্নু মোল্লার। দরিদ্র পিতার দুই ছেলের মধ্যে ছোট ছেলে চুন্নু মোল্লা (২৫)।
অভাব অনটনের সংসারে নিজের লেখা পড়ার খরচ যোগাতে টঙ্গীর পূর্ব-আরিচপুর এলাকার জনৈক আজাহারের বাড়িতে বসবাসের সুবাদে সে ট্যাম্পাকো কারখানায় কাজ করতো। গত শুক্রবার রাতের শিফটে কাজে যাওয়ার পর আর বাসায় ফিরে আসেনি। তাকে খুঁজতে বাড়ির মালিক আজাহারসহ নিখোঁজ চুন্নু মোল্লার বড় ভাই মো. নান্নু মোল্লাসহ আত্মীয় স্বজনরা টঙ্গী, উত্তরা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজা-খুঁজি করেও তাকে না পেয়ে রবিবার সকাল সাড়ে ৭ টায় টঙ্গী মডেল থানায় এসে একটি সাধারণ ডায়রি করেন।
এ সময় নিখোঁজ চুন্নু মোল্লার বড় ভাই নান্নু মোল্লার কান্না জড়িত কণ্ঠে জানান, দরিদ্রতার মধ্যে নিজের লেখা পড়া চালাতে আমার ভাই ঐ কারখানায় কাজ করতো। গত ৬ সেপ্টেম্বর একটি পরীক্ষা দিয়েছে। ঈদের ছুটিতে রবিবার আমার সঙ্গে বাড়ি যাওয়ার কথা ছিল, অথচ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখনো জানি না আমার আদরের ভাই বেঁচে আছে কি না। মৃত ব্যক্তিদের সাথে ছবি মিলিয়ে দেখেছি কোন লাভ হয়নি। অবশেষে থানায় এসেছি নিখোঁজ ডায়েরি করতে। আমি বাড়ি গিয়ে আমার মা-বাবা আর দুই বোনকে কি জবাব দেবো? আপনারা আমার ভাইকে খুঁজে দিন বলেই টঙ্গী মডেল থানার বারান্দায় কান্নায় ভেঙ্গে পড়েন।
ইত্তেফাক/আরএ
