টঙ্গী অগ্নিকাণ্ড : সন্তানকে নিয়ে ঈদের জামা কেনা হল না আনিছের

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১৮:১২
 
'আম্মু ও আম্মু তুমি এমন ভাবে কানতাছো ক্যান, আমার আব্বু আসে না ক্যান, আব্বু না কইছে আমারে সুন্দর দেইখ্যা জামা কিইন্না দিবো। তাইলে এখনো আইতাছে না ক্যান। আব্বু কি তোমারে মারছে আম্মু, কি অইলো কথা কওনা ক্যান। আম্মু ও আম্মু, আব্বু কই গেছে তারে ফোন দাও আমারে জামা কিইন্যা দিবো না?'- এভাবেই ঈদের জামা কিনে দিতে বার বার মা শিল্পী আক্তারকে বিরক্ত করতে দেখা গেছে ট্যাম্পাকোতে অগ্নিকাণ্ডে নিখোঁজ টঙ্গীর গোপালপুর এলাকার বাসিন্দা মো. আনিছ মিয়ার (৩০) ৫ বছর বয়সী ছেলে শিহাবকে।
 
নিখোঁজ আনিছের বাবা মো. সুলতান মিয়া জানান, গত শনিবার ভোর সাড়ে ৫ টায় তার ছেলে 'এ' শিফটের (সকালে) কাজে যোগ দিতে বাসা থেকে বেরিয়ে যায়। ৬ টা ১০ মিনিটে তিনি খবর পান টাম্পাকোতে আগুন লেগেছে। তিনিসহ তার পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি তার ছেলেকে খুঁজতে টঙ্গী, উত্তরা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। অনেক খোঁজা-খুঁজি করেও তাকে না পেয়ে শনিবার রাত ১২ টায় বাসায় ফিরে যান।
 
ছেলের শোকে সুলতান ও তার স্ত্রীসহ নিখোঁজ আনিছের স্ত্রী শিল্পী বার বার মূর্ছা যাচ্ছেন। নিখোঁজ আনিছের বাড়িতে রবিবার শোকের মাতম চলছে। সরকারের কাছে তাদের দাবি জীবিত না হোক মৃত হলেও তার সন্তানের লাশটা যেন খুঁজে বের করে দেন।
 
এদিকে নিখোঁজ আনিছের ৪ মাস বয়সী দ্বিতীয় শিশু সন্তানকে কোলে নিয়ে তার মা শিল্পী আক্তার থেমে থেমে চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলছে আবার জ্ঞান ফিরে এলে বলছে, এ আমার কি হল খোদা, আমার দুই সন্তান এখন কাকে বাবা বলে ডাকবে। তুমি কোথায় গেলে গো? একবারের জন্য হলেও ফিরে আসো।
 
ইত্তেফাক/আরএ