মহেশখালীতে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ, ডাকাতসর্দার গ্রেফতার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ২৩:৩২
কক্সবাজারের মহেশখালীতে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। কালামারছড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বোরহান উদ্দিন জানান, ১১সেপ্টেম্বর  রাত সাড়ে আটটার দিকে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকায় একদল ডাকাত ব্যারিকেড দিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। চালিয়াতলী-মাতারবাড়ি সড়কে ঐ ডাকাত দলটি নিয়মিত মহড়া দেয় বলে পুলিশের কাছে খবর ছিল।
 
আজ রাতে ঐ এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে চ্যালেঞ্জ করে গুলি ছুড়ে ডাকাতরা। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থলে পুলিশের দুই সদস্য আহত হয়। ঘটনাস্থলে ডাকাত সর্দার কবির আহমদ(৩০) গুলিবিদ্ধ হয়। তার হাতে গুলি লাগে বলে পুলিশ জানায়।
 
এ সময় অন্য ডাকাতরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ ডাকাত সর্দার কবিরকে পুলিশ মুর্মষু অবস্থায় গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি লাইটার গান ও ২ রাউন্ড তাজা কর্তুজ উদ্ধার করা হয়।
 
রাতে ডাকাতকে থানায় নিয়ে আসা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ডাকাত কবির আহমদ কালামার ছড়া উত্তর নলবিলা দরগাহ ঘোনা এলাকার জনৈক আব্দুল মোনাফের পুত্র।
 
এ ব্যাপারে, মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক বলেন, ধৃত ডাকাতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। অপর সহযোগী ডাকাতদের ধরতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
 
ইত্তেফাক/এএন