বিরলে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫১
 
দিনাজপুরের বিরল উপজেলার টেগরাদীঘি সড়কের পাশ থেকে আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সুমন হোসেন (১৬) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমন হোসেন জেলা শহরের রামনগর মহল্লার মদিনা মসজিদ এলাকার যশরত আলীর ছেলে এবং ইজিবাইক চালক ছিলেন।
 
জানা যায়, গত সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুমন তার ইজিবাইকে দুইজন যাত্রী নিয়ে বোচাগঞ্জ যান। রাত ১০টার পর থেকে বাড়ির লোকজন সুমনের মোবাইল ফোন বন্ধ পান। আজ মঙ্গলবার সকালে ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার সময় স্থানীয় লোকজন বিরল উপজেলার টেগরাদীঘি সড়কের পাশে থাকা বাগানের একটি গর্তে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সুমনের মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। খবর পেয়ে স্বজনরা সুমনের লাশ সনাক্ত করেন। সুমনের লাশ উদ্ধার হলেও তার ইজিবাইক ও মোবাইল ফোনের কোন হদিস পাওয়া যায়নি।
 
বিরল থানা পুলিশের ধারনা সুমনের ইজিবাইকটি ছিনতাইয়ের জন্য যাত্রী বেশী দুইজন তাকে শ্বাসরোধ করে হত্যার পর ইজিবাইকটি নিয়ে চম্পট দিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
 
ইত্তেফাক/আরএ