কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫৪
 
কুমিল্লায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে জেলার আদর্শ সদর উপজেলার নেওরা বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আ. গনি নামের ওই ব্যবসায়ীর লাশ করেছে পুলিশ। নিহত আ. গনি (৩৮) জেলার কোতোয়ালী থানার মোস্তফাপুর গ্রামের আলী আহাম্মদের ছেলে।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার সদর দক্ষিণ উপজেলার নেওরা বাজারের মুদি মালের ব্যবসায়ী আ. গনি ঈদের আগের দিন গভীর রাত পর্যন্ত বেচা বিক্রি করার পর দোকানেই ঘুমিয়ে পড়েন। অজ্ঞাত কারণে আনুমানিক ভোরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে লাশ দোকানের ভেতরেই ফেলে রাখে। পরে ঈদের নামাজ ও কোরবানি করতে ওই ব্যবসায়ী বাড়ীতে না ফেরায় তার স্বজনরা তাকে দোকানে খুঁজতে আসে এবং লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে।
 
এ বিষয়ে সদর দক্ষিণ থানার ওসি তদন্ত স্বজল কুমার কানু জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ওই ব্যবসায়ীর স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে।
 
ইত্তেফাক/আরএ