পিরোজপুরের পাড়েরহাট ও বাদুরা মৎস্য বন্দরের মধ্যে সংযোগ স্থাপনকারী ব্রিজটি একটি ফিশিং বোটের উপর ধসে তিন জন আহত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে এফভি মায়ের দোয়া নামের একটি ফিশিং বোট পাড়েরহাট খালের ব্রিজটির নিচ দিয়ে বরফ আনতে যায়। এসময় ব্রিজটির সাথে সামান্য ধাক্কাতেই ওই বোটের উপর ব্রিজটি ধসে পড়ে।
বোটের মাঝি কামাল হোসেন (৩২) মাথায় মারাত্মকভাবে আঘাত পেয়েছেন। গুরুতর অবস্থায় তাকে পিরোজপুর সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে কামালকে খুলনা হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়াও এই ঘটনায় বোটের কর্মচারী মিজান ও ইউসুফ হাওলাদার আহত হয়েছেন।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর লিডার মো. গোলাম রসুল জানান, সকাল ৯ টার দিকে খবর পেয়ে ৮/১০ জনের একটি টিম নিয়ে আমরা উদ্ধার কাজ করি।
ব্রিজটি ভেঙ্গে বাদুরা মৎস্য বন্দরের সাথে স্থলপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় জন দুর্ভোগ চরমে পৌঁছেছে। লোকজনকে নৌকায় করে খালটি পার হতে হচ্ছে।
ব্রিজটি ভেঙ্গে পড়ায় ভরা ইলিশ মৌসুমে বিপাকে পড়েছেন মৎস্য ব্যবসায়ীরা। বাদুরার মৎস্যজীবী সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মোস্তফা আকন জানান, ব্রিজটি আমাদের মৎস্য বন্দরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা ভেঙ্গে পড়ায় আমরা কোথাও মাছ সরবরাহ করতে পারছি না। আমাদের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
