লক্ষ্মীপুরে খালার বাড়িতে বেড়াতে এসে কলেজ ছাত্র খুন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৬, ২৩:০৯
লক্ষ্মীপুরে খালার বাড়িতে বেড়াতে এসে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে হোসেন আহমদ শাওন (১৯) নামের এক কলেজ ছাত্র খুন হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে পৌর শহরের অবিরখিল এলাকার আবদুল হালিম পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
 
খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। শাওন লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে এ বছর এইচ. এস. সি. পাশ করে এবং সদর উপজেলার রাধাপুর গ্রামের হাচ্চার বাড়ীর তোফায়েল আহমদের ছেলে।
 
শাওনের খালাতো ভাই সালাহ উদ্দিন লোটাস জানান, সোহেল, পরান, শাকিলদের সঙ্গে আমাদের জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার বিকেলে প্রতিপক্ষ দিদার হোসেন পরানের নেতৃত্বে  ৫/৬জনের এক সন্ত্রাসী দল অস্ত্র নিয়ে আমাদের ঘরে এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় আমাদের বাড়িতে বেড়াতে আসা আমার খালাতো ভাই শাওন বাধা দিলে তারা তাকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে পালিয়ে যায়। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।
 
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শাওনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার বুকে ধারালো ছুরি দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
 
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন জানান, কলেজ ছাত্র খুনের  ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।
 
ইত্তেফাক/এএন