রংপুরে কলেজ ছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ১০:২৮
 
রংপুরের পীরগঞ্জে শিবলী আজিজ নামের এক কলেজ ছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম জানান, উপজেলার শানের হাট ইউনিয়নের ঘোষপুর গ্রামের কৃষক আশরাফ আলীর পুত্র শঠিবাড়ি ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র শিবলী আজিজকে বুধবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ২/৩ জন যুবক। আজ তার লাশ একই এলাকার কাওয়াপুকুর এলাকায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল মর্গে পাঠায়।
 
ওসি জানান, প্রাথমিক ভাবে নিহতের গলায় দাগ পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত হত্যাকারীদের সম্পর্কে কিছু জানা যায়নি। সন্দেহভাজন হিসেবেও কারো নাম খুঁজে পাওয়া যায়নি। এ কারণেই কাউকে আটক করা হয়নি।
 
হত্যাকারীদের খুঁজতে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে বলেও জানান তিনি।
 
ইত্তেফাক/আরএ