আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার শহীদ মিনার ও আশপাশ এলাকায় সব ধরনের সভা-সমাবেশের উপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোহাজ্জম আহমদ।
সমাবেশের অন্যতম উদ্যোক্তা জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম বি কানিজ বলেন, এক মাস ধরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী ছাত্র সমাবেশের প্রস্তুতি চলছিল। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল ছাত্রদের অংশগ্রহণে সচেতন ছাত্র সমাজের ব্যানারে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বুধবার রাতে হঠাৎ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোহাজ্জম আহমদ ফোন করে আমাকে সমাবেশ বন্ধ করার নির্দেশ দেন।
ইউএনও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
নাসিরনগর থানার ওসি মো. আবদুল কাদের বলেন, সমাবেশকে ঘিরে সংঘাতের আশঙ্কায় সমাবেশ স্থল ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনোভাবেই উপজেলার কোনো স্থানে কোনো ধরণের সমাবেশ করতে দেয়া হবে না।
ইত্তেফাক/ইউবি
