ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী অধ্যাপক ড. খালেদ মাহমুদকে নারী নির্যাতনের একটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ভাটারা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তার স্বামী গত বুধবার ঢাবির আইবিএ বিভাগের সহকারী অধ্যাপক খালেদ মাহমুদের বিরুদ্ধে ভাটারা থানায় মামলা দায়ের করেন। এজাহারে বাদী অভিযোগ করেছেন, তার স্ত্রীকে ওই শিক্ষক বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছেন। ভাটারা থানার পরিদর্শক (অপারেশন) শিহাব উদ্দিন বলেন, অভিযুক্ত খালেদ মাহমুদকে গতকাল আদালতে পাঠানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, অভিযুক্তর পরিবার এবং সহকর্মীদের মাধ্যমে খালেদ মাহমুদের গ্রেফতারের বিষয়টি তিনি জানতে পেরেছেন।
