বরিশালে মেঘনায় ট্রলারডুবি, ভাই-বোন নিখোঁজ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১১:২৯
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে ট্রলারডুবিতে ভাই-বোন নিখোঁজ হয়েছে। এরা হলো, উপজেলার মেমানিয়া খাগেরচর গ্রামের লিটন সরদারের মেয়ে সুমাইয়া (১২) ও ছেলে রাজিন (৪)।
 
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মৌলভীরহাট লঞ্চঘাটের কাছে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, মৌলভীরহাট লঞ্চঘাটের পন্টুন সংলগ্ন এলাকায় নদীতে চর জেগে ওঠায় ঢাকাগামী লঞ্চগুলো ঘাট থেকে কিছুটা অদূরে থামে। সেখানে যেতে হয় ট্রলারে করে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকাগামী এমভি আওলাদ-৪ লঞ্চে উঠতে একই পরিবারের নয়জন ট্রলারে করে যাচ্ছিল। এ সময় অপর একটি ট্রলারের ধাক্কায় তাদের বহনকারী ট্রলারটি ডুবে গেলে ওই দুই ভাই-বোন নিখোঁজ হয়।
 
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ