আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৪৮
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত আমিন গাজী গদাইপুর গ্রামের মৃত ছহিল উদ্দিন গাজীর ছেলে।
 
শুক্রবার ভোর রাত দুইটার দিকে উপজেলার গদাইপুর জেহের আলী মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় খাজরা ইউপি সদস্য হোসেন আলী বলেন, ‘বৃহস্পতিবার রাতে গদাইপুর জেহের আলী মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠান চলে রাত দুইটা পর্যন্ত। রাত দুইটার পর  সবাই অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যায়। এরপর কোনো এক সময় অনুষ্ঠানস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিন গাজী মারা যায়।’
 
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ