গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় রাশেদা বেগম (১৯) নামে এক গৃহবধূকে স্বামী ডোবার পানিতে চুবিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ব্রহ্মপ্রত্র নদ বেষ্টিত এরেন্ডবাড়ী ইউনিয়নের দক্ষিণ হরিচন্ডি গ্রামে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ দুপুরে গৃহবধূ রাশেদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠান। এই ঘটনার পর থেকে ঘাতক স্বামী আল আমিন পালিয়ে গেছেন। রাশেদা বেগম ওই গ্রামের আমজাদ হোসেনের মেয়ে।
ফুলছড়ি থানার ওসি আব্দুল খালেক জানান, প্রায় ৭ মাস আগে রাশেদার বিয়ে হয় একই ইউনিয়নের সন্ন্যাসির চর গ্রামের আব্দুল কাদেরের ছেলে আল-আমিনের সঙ্গে। বিয়ের পর থেকেই আল আমিন যৌতুকের দাবিতে স্ত্রীকে প্রায় মারধর করতেন। এরমধ্যে ঈদ-উল-আযহার পরে গত বৃহস্পতিবার সকালে রাশেদা সন্তানসহ স্বামী আল আমিনকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। কিন্তু এখানেও বৃহস্পতিবার বিকালে আল আমিন যৌতুকের টাকার জন্য রাশেদাকে চাপাচাপি করতে থাকেন। এতে তাদের দু’জনের মধ্যে ঝগড়া শুরু হয়।
একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একান্ত কথা বলার জন্য আল আমিন স্ত্রী রাশেদাকে বাড়ির বাহিরে ডেকে নিয়ে যান। কিন্তু রাত গভীর হতে থাকলেও তাদের দুই জনেই আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাদেরকে খোঁজাখুঁজি শুরু করেন। শুক্রবার সকালে তারা বাড়ির পাশে একটি ডোবায় রাশেদার শাড়ির আঁচল দেখতে পান। পরে পুলিশের সহযোগিতায় ওই ডোবা থেকে তারা রাশেদার মৃতদেহ উদ্ধার করেন। কিন্তু আল-আমিন পাওয়া যায়নি।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-রাশেদা বেগমকে শ্বাসরোধ করে কিংবা পানিতে হত্যা করা হয়েছে। এ নিয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/কেকে
