টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস কারখানায় উদ্ধার কাজ অব্যহত রয়েছে। সেনাবাহিনী ও ফায়ার ব্রিগেডের লোকজন ওই উদ্ধারকাজ এবং ধ্বংসাবশেষ অপসারণ করছেন। বৃহস্পতিবার দুপুরে সেখান থেকে উদ্ধার হওয়া খাট, ডাইনিং টেবিল, চেয়ারসহ বিভিন্ন মালামালের তালিকা করেছে পুলিশ।
ওই দুর্ঘটনায় মামলার বাদী টঙ্গী থানার এসআই সুমন ভক্ত মালামালের জব্দ তালিকা তৈরি করেন। তিনি জানান, সেখানে উদ্ধার হওয়া অন্যান্য মালামালের মধ্যে এক লাখ ২ হাজার ৭৫৫ টাকা (অক্ষত) এবং ৭ হাজার টাকার মতো ছেড়া-পোড়া টাকাও রয়েছে। এসব মালামাল গাজীপুর সিটি করপোরেশনের হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দ মালামালের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
এছাড়া বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৮০০ টনের মতো ধ্বংসাবশেষ ও ৮০ টি খালি কেমিকেল ড্রাম অপসারণ করা হয়েছে। তবে সোমবারের চার লাশ উদ্ধারের পর শুক্রবার সকাল পর্যন্ত ধ্বংসস্তুপের নিচ থেকে আর কোনো লাশ উদ্ধার হয়নি। এ নিয়ে ওই দুর্ঘটনায় মোট ৩৪ জনের মৃত্যু, ১০ জন নিখোঁজ এবং ৪০ জনের উপরে আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইত্তেফাক/কেকে
