রংপুরে সরকারের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কর্মসূচি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ২১:৫৯
রংপুর বিভাগের বৃহত্তর জনগোষ্ঠীর সার্বিক স্বার্থ আদায় ও উন্নয়নের লক্ষ্যে ফের আন্দোলনে নামছে রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদ। এরই অংশ হিসেবে পরিষদের উদ্যোগে বর্তমান সরকারের ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী’ কর্মসূচিকে সফল করার লক্ষ্যকে সামনে রেখে ছাত্র-যুবকসহ জনতার মাঝে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ ও কনসার্ট অনুষ্ঠিত হবে।
 
শনিবার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী ছাত্র-যুব সমাবেশ এবং কনসার্ট’ হবে।
 
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও ছাত্র-যুব সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। এছাড়া রংপুরের জনপ্রিয় ও খ্যাতিমান শিল্পীদের বিভিন্ন উপস্থাপনা থাকবে। রংপুর পাবলিক লাইব্রেরি মাঠের কনসার্ট অনুষ্ঠানে ক্লোজআপ ওয়ান তারকা রুমি, বাপ্পী, জনপ্রিয় কন্ঠশিল্পী সোমা, হিরা মনি, বাউল অরন্য আব্বাসসহ রংপুর বিভাগের গুণী বরেণ্য শিল্পী ও ব্যান্ড তারকারা অংশ নেবে। এছাড়াও থাকবে হার্ট টাচ্ ড্যান্স কোরিওগ্রাফার কে এম সোহাগের পরিচালনায় মডার্ন ড্যান্স এবং দ্যা ওয়ান-এর হিপহপ ড্যান্স। সেই সাথে থাকছে আর.এন.জি স্কয়ার্ড এর সাফিন, তর্পন ও মামুনের মনোমুগ্ধকর র‌্যাপ গান। সমাবেশ ও কনসার্ট অনুষ্ঠানটি ক্যাবল অপারেটর ক্যাবল ওয়ান ও ইউসিএন এর মাধ্যমে গোটা রংপুর অঞ্চলে সরাসরি সম্প্রচার করা হবে। সাংস্কৃতিক সংগঠক মকসুদার রহমান মুকুলের তত্ত্বাবধানে এবং কন্ঠ তারকা লিটন পারভেজ মান্নার সঞ্চালনায় অনুষ্ঠানটিতে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা এবং বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের নিজস্ব নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ছাত্র-যুব সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনতাকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের আহ্বায়ক, দৈনিক ইত্তেফাক রংপুর অফিস প্রধান ও জিটিভি প্রতিনিধি ওয়াদুদ আলী। 
 
ইত্তেফাক/এমএইচ