গ্রিলকাটা চোর চক্রের প্রধানসহ গ্রেফতার চার

আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ২২:২৯

রাজধানীতে গ্রিলকাটা চোর চক্রের প্রধানসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতারকৃতরা হলো— চক্রের প্রধান মো. হযরত আলী ওরফে রকি, শাহিন, সগীর ওরফে রাজু ও শিপন ইসলাম। বুধবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও ভাটারা থানা পুলিশ।

ভাটারা থানার এসআই মিজানুর রহমান বলেন, বুধবার রাতে ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রিল কাটা চোর চক্রের সদস্য শিপনকে আটক করা হয়। তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, ল্যাপটপ, আইফোন ও টেলিভিশন উদ্ধার করা হয়েছে। শিপনের বিরুদ্ধে থানায় পৃথক ৬টি মামলা রয়েছে। শিপন বসুন্ধরা এলাকার গ্রিল কাটা চোর চক্রের প্রধান। সে গ্রিল কেটে বাসায় ঢুকে অস্ত্র প্রদর্শন করে চুরি করতো। তাকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।    

পিবিআই ঢাকা মেট্রোর বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, মিরপুর মডেল থানায় দায়ের হওয়া একটি মামলার সূত্র ধরে বুধবার রাতে মিরপুরের মনিপুর স্কুল এন্ড কলেজের সামনে অভিযান চালানো হয়। এ সময় চোরাই মালামাল ক্রয়-বিক্রয় কালে গ্রিল কাটা চোর চক্রের প্রধানসহ তিনজনকে আটক করা হয়। চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকার বাসা বাড়ি টার্গেট করে রাতের অন্ধকারে সেনেটারি পাইপ/জানালার কার্নিসের উপর ভর করে উপরে উঠে বিভিন্ন তলার গ্রিল কেটে নগদ টাকা, স্বর্ণ অলঙ্কারসহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।

পিবিআই ঢাকা মেট্রোর অতিরিক্ত পুলিশ সুপার বশির আহমেদ জানান, চক্রটি রাজধানীর অসংখ্য বাসা বাড়িতে গ্রিল কেটে মূল্যবান সামগ্রী চুরি করেছে। বাসাবাড়ি থেকে চুরিকৃত মোবাইল ফোন এবং ল্যাপটপ রাজধানীর অভিজাত এলাকার বেশ কিছুু মার্কেটে বিক্রি করে। চক্রের সদস্যদের দেওয়া তথ্যে চোরাই মালামাল ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত অভিজাত এলাকার একাধিক দোকান মালিকদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে।