প্রসার ঘটছে রেস্টুরেন্ট ব্যবসার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৫৩
 
হোটেল ব্যবসায় ঝুঁকছে তারুণ্য। শিক্ষিত তরুণরা এককভাবে কিংবা যৌথভাবে আয়ের পথ হিসাবে বেছে নিচ্ছে এই ব্যবসা। সাম্প্রতিককালে হোটেল-রেস্টুরেন্ট খাতে বিনিয়োগও হচ্ছে অনেক। একই সঙ্গে বদলে যাচ্ছে রেস্টুরেন্ট ব্যবসার ধরনও। আগে অতিথি আপ্যায়নের বিষয়টি ঘরোয়াভাবেই সামাল দেয়া হতো। এখন অনেকেই রেস্টুরেন্টে কাজটি সারছেন। তাতে ঝামেলা এড়ানো যাচ্ছে। সময়ও সাশ্রয় হচ্ছে। শুধু খাওয়ার জন্যই খাওয়া নয়- আরো বেশি কিছু; সুন্দর পরিবেশন, মনোরম পরিবেশ, আড্ডা সবমিলিয়ে এটা যে উপভোগেরও একটা ব্যাপার তাই যেন মনে করিয়ে দিচ্ছে এখনকার রেস্টুরেন্টগুলো। মূলত তারুণ্যের ছোঁয়ায় বদলে যাচ্ছে এই ব্যবসার অন্দর-বাহির। বাধা যে নেই তা নয়- কিন্তু তারুণ্যের ইচ্ছাশক্তির কাছে হার মানছে সব বাধা।
 
তদুপরি, বিভিন্ন সমস্যার মুখোমুখিও হচ্ছেন তরুণ উদ্যোক্তারা। তাদের মতে, ব্যাংকগুলো সব ব্যবসায় ঋণ দিলেও রেস্টুরেন্ট ব্যবসায় ঋণ দিতে চায় না। আমাদের প্রফেশনাল কুক নেই, চাহিদামতো ভালো লোকেশনের প্রচুর ভাড়ার পাশাপাশি জিনিসপত্রের দাম এত বেশি যে, খাবারের মান ঠিক রাখা খুব কঠিন।
 
পর্যটন শিল্পের উন্নয়ন হলে রেস্টুরেন্ট ব্যবসাও এগিয়ে যায়। কিন্তু আমাদের পর্যটন শিল্পের অগ্রগতি ততটা ভালো নয়। পর্যটন শিল্পের বিকাশ হলে রেস্টুরেন্ট ব্যবসা রীতিমতো ফুলেফেঁপে উঠবে বলেও মত দিয়েছেন উদ্যোক্তারা। তবে নতুন রেস্টুরেন্ট যারাই চালু করেছেন, তারা প্রথমদিন থেকেই ভোক্তাদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছেন। যে কারণে কেউ কেউ রেস্টুরেন্টের সংখ্যাও বাড়িয়েছেন। খাবারের মান ও ভোক্তাদের একটা ভালো পরিবেশই ব্যবসা সম্প্রসারণে সহায়ক হয়েছে। উদ্যোক্তারা বলেন, শহরে বিনোদনের তেমন জায়গা নেই। যে কারণে রেস্টুরেন্টগুলোতে শুধু খাবার নয়, আ্ড্ডার একটা পরিবেশও আশা করেন ভোক্তারা। সর্বোপরি, দেশে রেস্টুরেন্ট ব্যবসার ভালো সম্ভাবনা রয়েছে। উন্নত দেশের তুলনায় যদিও অনেক পিছিয়ে, তথাপি গুলশান, বনানী, ধানমন্ডির মত অভিজাত এলাকায় সরেজমিনে দেখা গেছে রেস্টুরেন্টের ব্যাপক প্রসার। কোনো কোনো সুউচ্চ ভবনে শুধু রেস্টুুরেন্টই আছে। ভোক্তারা যার যার পছন্দমত যাচ্ছেন এবং খাচ্ছেন।
 
বিয়ে, জন্মদিন, কিংবা কোনো উপলক্ষ পেলেই পরিবার, বন্ধু-বান্ধব নিয়ে রেস্টুরেন্টে খেতে যাওয়া এখন স্বাভাবিক ঘটনা। এতে সরকারেরও রাজস্ব আয় হচ্ছে। খাবারের উপর ১৫ শতাংশ ভ্যাট দিতে হচ্ছে ভোক্তাদের। এই হার কমানোর সুপারিশ করেছেন রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। তাদের মতে, এখাতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগও রয়েছে। অর্থনীতিবিদ ড. মুহম্মদ মাহবুব আলী বলেন, কর্মসংস্থানের জন্য এই খাত বেশ সাড়া ফেলেছে। শিক্ষিত বেকাররা এখানে কাজের সুযোগ পাচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরাও পার্টটাইম জব করছেন এসব রেস্তোরাঁয়।