যুক্তরাজ্যে বাংলাদেশি ইমাম হত্যাকারীর যাবজ্জীবন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১০:০৫
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বাংলাদেশি ইমাম জালাল উদ্দিনকে হত্যায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। আদালতের রায়ে বলা হয়, রোগ নিরাময় ও নানা সমস্যা সমাধানে তাবিজ দেওয়ায় ৭১ বছর বয়সী ‘বিনয়ী, শ্রদ্ধেয়’ এই ইমামকে হত্যা করা হয়েছে।
 
দণ্ডিত মোহাম্মেদ হোসেন সাঈদীর (২১) বিরুদ্ধে ইমামকে হত্যায় সহযোগিতার প্রমাণ মিলেছে এবং তাকে ন্যূনতম ২৪ বছর সাজা ভোগ করতে হবে বলে শুক্রবার ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে।
 
ম্যানচেস্টার ক্রাউন কোর্টের বিচারক রায় ঘোষণার পর বাংলাদেশ থেকে যাওয়া জালাল উদ্দিনের স্বজনরা পরস্পরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন বলে এতে বলা হয়।
 
গত ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় গ্রেটার ম্যানচেস্টারের রচডেলের একটি শিশু পার্কে হামলার শিকার হন জালাল উদ্দিন। তার মাথা ও মুখে একাধিক জখমের চিহ্ন পাওয়া যায়, তাকে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছিল বলে ধারণা করা হয়।
 
আদালতে বলা হয়, নামাজ আদায়ের পর মসজিদ থেকে এক বন্ধুর বাড়িতে গিয়ে দাওয়াত খেয়ে হেঁটে বাসায় ফেরার পথে ইমামের ওপর হামলা হয়।
 
সাঈদীর সঙ্গে মোহাম্মেদ আব্দুল কাদিরকে (২৪) এ হত্যা মামলার আসামি করা হয়। হত্যাকাণ্ডের কয়েক দিন পর যুক্তরাজ্য থেকে পালিয়ে তুরস্কে যান কাদির। পরে সেখান থেকে তিনি সিরিয়া যান বলে সন্দেহ তদন্তকারীদের।
 
ইত্তেফাক/এমএইচ