অটোরিকশা উল্টে শিশু, ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২৯
রাজশাহীতে অটোরিকশা উল্টে হাসান আলী (১২) নামে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে।
 
শনিবার দুপুর ১টার দিকে নগরীর সপুরা এলাকায় এ ঘটনা ঘটে। হাসান নগরীর খ্রিস্টানপাড়া মালদা কলোনী এলাকার শহিদুল ইসলামের ছেলে।
 
অন্যদিকে রাজশাহীতে ট্রেনের ধাক্কায় সুমন আলী (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। সুমন রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর বাগানপাড়া এলাকার মৃত বজলুর রহমানের ছেলে।
 
নগরীর বোয়ালিয়া থানার ওসি (তদন্ত) সেলিম বাদশা জানান, হাসান আলী শহরের সপুরা এলাকায় কামাল হোসেন নামে এক ব্যক্তির অটোরিকশা গ্যারেজে কাজ করতো। দুপুরে সে গ্যারেজের সামনে একটি অটোরিকশা চালিয়ে দেখছিল। এ সময় অটোরিকশাটি উল্টে সে গুরুতর আহত হয়। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
অন্যদিকে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, শনিবার সকাল ১০টার দিকে সুমন নগরীর আইডি বাগানপাড়া এলাকায় রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি কমিউটার ট্রেন তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে রামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
 
ইত্তেফাক/ইউবি