বান্দরবানের রুমায় লেকে সাঁতার কাটতে গিয়ে শিক্ষক নিখোঁজ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ২০:৩৭
বান্দরবান জেলার রুমা উপজেলা সদরের অদূরে পর্যটন কেন্দ্র রিজুক লেকে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয়েছেন তৌফিক আহমেদ ছিদ্দিকী (৩৮) নামের একজন শিক্ষক।
 
তৌফিক আহমেদ ছিদ্দিকী বগুড়া আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের একজন শিক্ষক। তিনি ১৩ জন সঙ্গীর সাথে বগুড়া থেকে বেড়াতে আসেন। আজই এখানে পৌঁছার পর দুপুরে রিজুক লেকে বেড়াতে যান। লেকের পানিতে সাঁতার কাটার সময় বিকেল ৩টায় পানিতে তলিয়ে যান।
আজ রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ শিক্ষকের কোন সন্ধান মেলেনি বলে রুমা থানার পুলিশ সূত্র জানিয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন। চট্টগ্রাম থেকে ডুবুরির দল সেখানে এখনও পৌঁছেনি।