ভোলায় পৃথক ঘটনায় নিহত ২

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ২১:২০
 
ভোলার তজুমদ্দিনে একই দিনে সড়ক দুর্ঘটনায় ও পানিতে বিদ্যুতায়িত হয়ে দুইজন নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
 
থানা ও হাসপাতাল সুত্রে জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাংলাবাজার ব্রিজ থেকে নামার সময় সাত যাত্রী নিয়ে অটো বোরাক উল্টে পড়ে যায়। এ সময় অটোর চাঁপায় গুরুতর আহত হন যাত্রী মাহবুবুর রহমান (৩৫)। তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
 
নিহত মাহবুব রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাঘজোয়া গ্রামের আ. রব মিয়ার ছেলে। তিনি শম্ভুপুর ইউনিয়নের কোড়ালমারা গ্রামের পাঠান বাড়ির শামছুল হকের জামাতা। স্ত্রী ও সন্তান নিয়ে শশুর বাড়িতে ঈদ শেষে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন।
 
অপর ঘটনায় বেলা ১ টার দিকে নিজ বাড়ির পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে বিদ্যুতায়িত হয়ে মারা যান শম্ভুপুর ইউনিয়নের শিবপুর গ্রামের আ. মালেকের ছেলে আ. মান্নান (২২)। 
 
নিহত মান্নানের সহোদর মিরাজ ও হান্নান জানান, বাড়ির পুকুরের উপর দিয়ে সামছুল হকের ঘর থেকে পারভীন বেগম বিদ্যুতের সাইড লাইন নেন। তারটি প্রায় পানির সঙ্গে লেগে ছিল। মাছ ধরতে মান্নান পানিতে নামলে দুর্ঘটনার শিকার হন। দ্রুত তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
 
তজুমদ্দিন থানার ওসি একেএম শাহিন মণ্ডল জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
 
 
ইত্তেফাক/কেকে