ইংলিশ প্রিমিয়ার লিগে হালসিটিকে ৪-১ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে আর্সেনাল। শনিবার চিলির তারকা আলেক্সিস সানচেজ করেন জোড়া গোল। সুযোগ ছিল হ্যাটট্রিকেরও, তবে পেনাল্টি মিস করায় তা আর হয়ে উঠেনি। বাকি গোলগুলো করেন থিও ওয়ালকট এবং জাকা। হালসিটির একমাত্র গোলদাতা স্নোদগ্রাস।
এদিন হালসিটির মাঠে ১৭ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। নাইজেরিয়ার ফরোয়ার্ড অ্যালেক্স আইওবির নীচু শট থেকে আলতো টোকায় স্বাগতিকদের জালে বল জড়ান সানচেজ (১-০)।
৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ আসে গানারদের। ইংলিশ মিডফিল্ডার জ্যাক লিভারমোর হাত দিয়ে নিজেদের ডি-বক্সে বল ঠেকিয়ে দিলে লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয় তাকে। ফলে, দশজনের দলে পরিণত হয় হালসিটি। আর পেনাল্টি লাভ করে আর্সেনাল। তবে, হালসিটির গোলরক্ষক এলদিন ইয়াকুপোভিচ সানচেজের নেওয়া পেনাল্টি শট রুখে দেন।
তবে ১০ জনের হালসিটিকে পেয়ে আক্রমণের ধার বাড়াতে থাকে গানাররা। খেলার ৫৫ মিনিটে ব্যবধান বাড়ান ওয়ালকট (২-০)। আইওবির পাস থেকে কোনাকুনি শট নেন ওয়ালকট।
৭৯তম মিনিটে ব্যবধান কমায় হালসিটি। স্কটিশ মিডফিল্ডার স্নোদগ্রাস পেনাল্টি থেকে ব্যবধান কমান (২-১)।
তবে মাত্র চার মিনিট পরই আর্সেনালের হয়ে তৃতীয় আর নিজের দ্বিতীয় গোল করেন সানচেজ (৩-১)। আর যোগ করা অতিরিক্ত সময়ে গানারদের হয়ে চতুর্থ গোলটি করেন জাকা (৪-১)।
এই স্কোরেই জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।
লিগের শুরুটা আর্সেনালের হতাশার থাকলেও পরের তিন ম্যাচেই জয় পেল তারা। এ ম্যাচে মাঠে নামার আগে লিভারপুলের কাছে হেরে লিগ শুরু করেছিল আর্সেনাল। পরের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লেস্টার সিটির বিপক্ষে ড্র করে গানাররা। তবে শেষ দুই রাউন্ডে ওয়াটফোর্ড ও সাউদাম্পটনের বিপক্ষে জয় তুলে নেয় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।
ইত্তেফাক/এমএইচ
