ভোমরা স্থল বন্দর খুলছে ২৪ সেপ্টেম্বর

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ১১:৫২
 
পবিত্র ঈদুল আযহার টানা ছয়দিন ছুটি শেষে ভারতের ঘোজাডাঙ্গা এলাকায় একটি ঝুঁকিপূর্ণ ব্রিজের সংস্কার কাজের জন্য সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানি-রফতানি আরো সাতদিন বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে অষ্টম দিনের মত বন্ধ রয়েছে এ বন্দরের আমদারি-রফতানি কার্যক্রম। এনিয়ে টানা ১৩ দিনের ছুটির ফাঁদে পড়েছে সাতক্ষীরার একমাত্র ভোমরা স্থল বন্দর।
 
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে যথারীতি আমাদানী-রফতানি কার্যক্রম চলবে। তবে, ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা এসময় যথারীতি যাতায়াত করতে পারবেন।
 
ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতীয় ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের কাছে জানিয়েছেন, ঘোজাডাঙ্গা এলাকার একটি ঝুঁকিপূর্ণ ব্রিজের সংস্কার কাজের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এ বন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সে অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বর থেকে আবারো যথারীতি আমাদানি-রফতানি কার্যক্রম চলবে।
 
ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মোঃ আব্দুল কাইয়ূম জানান, টানা ১৩ দিনে ভোমরা স্থল বন্দরের আমাদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকায় সরকার প্রায় ১৯ কোটি টাকার রাজস্ব হারাবে।
 
ভোমরা স্থল বন্দরের ইমিগ্রেশন ওসি সুব্রত কুমার জানান, আমদানী-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।
 
ইত্তেফাক/এএসএস