নওগাঁর রাণীনগরে ওভার ব্রিজে ধাক্কা লেগে নীল সাগরের দুই ট্রেন যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো এক জন আহত হয়েছে। রবিবার ভোর রাতে এই ঘটনাটি ঘটেছে।
নিহতদের মধ্যে দেলোয়ার হোসেন (৩৫) নামে একজনের মৃতদেহ জেলার আত্রাই রেলস্টেশন থেকে উদ্ধার করেছে জিআরপি পুলিশ। সাজু মিয়া (২৫) নামে আরেক ব্যক্তি নাটোরের একটি হাসপাতালে সকালে চিকিত্সাধীন অবস্থা মারা গেছেন ।
নিহত দেলোয়ার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মৃত আব্দুল ওয়াহেবের ছেলে ও জয়পুরহাট জেলার আজিবপুর গ্রামের উবির উদ্দিনের ছেলে সাজু মিয়া। তবে অপর জন আহত ব্যক্তিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও তার পরিচয় জানা সম্ভব হয়নি।
সান্তাহার জিআরপি থাকার এসআই আসাদুল হক জানান, দেলোয়ার হোসেন ও তার স্ত্রী ঢাকায় গার্মেন্টসে চাকুরি করতেন। ঈদের ছুটিতে দেশের বাড়ি থেকে কয়েক দিন আগে শ্বশুরবাড়ী দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দিনাজপুর গ্রামে আসেন তারা। রবিবার রাতে বিরামপুর রেলস্টেশন থেকে দেলোয়ার ও তার স্ত্রী ঢাকার উদ্দেশে রওনা দেন। একই ট্রেনে সাজু মিয়া যাচ্ছিলেন। ভোর রাতে নওগাঁ জেলার রাণীনগর রেলস্টেশনের ওভার ব্রিজে ধাক্কা লেগে ট্রেনের উপরেই মারা দেলোয়ার হোসেন। এ সময় সাজু মিয়াসহ অজ্ঞাত আরেক ব্যক্তি আহত হন।
সকাল সাতটার দিকে আত্রাই রেল স্টেশনে থামালে হতাহতদের নামানো হয়। আহতদের মধ্যে সাজু মিয়াকে নাটোরের একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় সকালে তিনি মারা যান। তবে অপর জন আহত ব্যক্তিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও বিস্তারিত জানা সম্ভব হয়নি।
এ ব্যাপারে জিআরপি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/এএসএস
