চট্টগ্রামের পটিয়ায় এক যুবককে পিটিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম আরমান (১৯)। তিনি উপজেলার কচুয়াই ইউনিয়নের গুরুচরণ দিঘীর পাড় এলাকার খামার বাড়ির মফিজুর রহমানের ছেলে।
শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। রবিবার নিহত কিশোরের বাবা মফিজুর রহমান বাদী হয়ে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাত ১০ টা পর্যন্ত তিনি বাড়িতে ক্ষুধার্ত ছিলেন। শনিবার রাত প্রায় আড়াইটার সময় তার মোবাইলে একটি ফোন আসে। পরে তিনি তার বাইসাইকেল নিয়ে ঘর থেকে বেরিয়ে যান।কোথায় যাচ্ছেন তার মা জানতে চাইলেও কোনো উত্তর না দিয়ে চলে যান।
রবিবার সকাল ৭ টার দিকে সাবেক কচুয়াই ইউপি চেয়ারম্যান আহমুদুল হকের বাড়ির সামনে একটি খালি ভিটায় তার লাশ পাওয়া যায়। তাকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে তার পায়ের দুইটি আঙ্গুল কেটে ফেলে দুর্বৃত্তরা। তার নাক মুখ দিয়ে রক্ত ঝড়ছিল।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ধারণা করা হচ্ছে, রাতে তাকে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেছে।
পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ চৌধুরী বলেন, 'তদন্তের আগে ঘটনা নিয়ে কোনো ধারণা করা যাবে না। অতিদ্রুত হত্যাকাণ্ডের রহস্য বের হয়ে আসবে।' তিনি ঘটনার রহস্য উদঘাটনে জোর তৎপরতা চালাচ্ছেন বলে জানিয়েছেন।
ইত্তেফাক/কেকে
