গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ইঞ্জিনচালিত ইজিবাইকের সংঘর্ষে নারীসহ দুজন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মান্দারতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার দত্তডাঙ্গা গ্রামের আজিম চৌধুরীর স্ত্রী কল্পনা বেগম (৪০) ও ইজিবাইকচালক অজ্ঞাত (৫০)।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, গোপালগঞ্জের বেদগ্রাম এলাকা থেকে ছেড়ে আসা ঘোনাগামী একটি ইজিবাইক ওই স্থানে পৌঁছালে টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমফোর্ট লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ইজিবাইকটি রাস্তার ওপর দুমড়ে-মুচড়ে গেলে ইজিবাইকচালকসহ ২ জন নিহত হন। আহত হন ৫ যাত্রী। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
