খুলনার তেরখাদা থানার ওসি প্রত্যাহার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ২৩:৩৪
খুলনার তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। ঈদের রাতে গরু ব্যবসায়ী দম্পতি হত্যাকাণ্ডসহ এলাকার আইন শৃংখলা পরিস্থিতির অবনতির কারণে গতকাল রবিবার রাতে তাকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ অফিসে সংযুক্ত করা হয়।
 
পুলিশ সুপার মো. নিযামুল হক মোল্লা রাত ১০ টায় এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রশাসনিক কারণে তেরখাদা থানার ওসি মেজবাহ উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। তবে প্রত্যাহারের পেছনে দম্পতি হত্যাকাণ্ডসহ এলাকার আইন শৃংখলা পরিস্থিতির অবনতির কারণও রয়েছে। 
 
পুলিশ সুপার আরও বলেন, খুলনা রেঞ্জ ডিআইজি দেশে না থাকা এবং ইন্সপেক্টর সংকট থাকায় ওই থানায় ওসি হিসাবে কাউকে নিয়োগ দেয়া হয়নি। আপাতত থানার সিনিয়র কর্মকর্তা ওসির দায়িত্বে থাকবেন।
 
উল্লেখ্য, গত ঈদুল আজহার রাতে তেরখাদা উপজেলার ইখড়ী গ্রামে গরু ব্যবসায়ী দম্পতি খশরুল আলম ওরফে খায়রুল আলম মোল্লা (৪০) এবং তার স্ত্রী লিপি বেগমকে (২৮) হত্যা করে দুর্বৃত্তরা আলাদা দু’টি পুকুরে লাশ ফেলে দেয়। এছাড়া শনিবার সকালে উপজেলার কুমিরডাঙ্গা এলাকায় স্থানীয় দু’টি গ্রুপের দফায় দফায় সংঘর্ষে ১৫জন আহত হয়। এসব ঘটনায় এলাকার আইন-শৃংখলা পরিস্থিতির অবনতির আশংকা দেখা দেয়।
 
ইত্তেফাক/এএন