কালিয়ায় ভোটকেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ, আহত ২০

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১৭:৩১

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নড়াইলের কালিয়ার নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে নৌকা প্রতীক ও আনারস প্রতীকের সর্মথকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৯ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। 

সংঘর্ষের সময় উক্ত কেন্দ্রে সাময়িক ভোট গ্রহণ স্থগিত করা হয়। এরপর উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। রবিবার (২৪ মার্চ) দুপুরে কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইলের কালিয়া উপজেলা নির্বাচন উপলক্ষে নোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়। দুপুরের দিকে নৌকা ও আনারস প্রতীকের সমর্থকগণ পরস্পরের প্রতি জাল ভোটের অভিযোগ করে। এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকগণ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সংবাদ শুনে বিজিবিসহ পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৯ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এ ঘটনার পর ভোট গ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরবর্তীতে নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা ও নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন পিপিএমের উপস্থিতিতে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।

উভয় পক্ষের আহতরা হলো, সাগর শেখ, বাদশা মিয়া, জিহাদ, জিয়া, হাফিজুর রহমান, ইমরান রনি, রাইসুল ইসলামসহ আরো অনেকে। আহতদের স্থানীয়ভাবে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ রায়পুরে ভোটার উপস্থিতি নেই, কেন্দ্রগুলো ফাঁকা

পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন বলেন, ‘কেন্দ্রের বাইরে ভোটারদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৯ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করেছে। পুনরায় ভোট গ্রহণ শুরু হয়েছে। এছাড়া সব কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে।’

ইত্তেফাক/নূহু