প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নিতু মণ্ডল (১৫) নামের এক স্কুলছাত্রীকে ধারালো চাকু দিয়ে কুপিয়ে হত্যা করেছে মিলন মণ্ডল নামের এক বখাটে। এ ঘটনার পর স্থানীয় লোকজন মিলনকে আটক করে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। গতকাল রবিবার মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার নবগ্রাম ইউনিয়নের আলিসারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আলিসারকান্দি গ্রামের নির্মল মণ্ডলের মেয়ে নিতু স্থানীয় নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের বীরেণ মণ্ডলের ছেলে মিলন দীর্ঘদিন ধরে স্কুলছাত্রী নিতুকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। সে নিতুকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাবও দেয়। কিন্তু বরাবরই এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে নিতু। গতকাল সকালে নিতু স্কুলে যাবার পথে মিলন তাকে জোর করে একটি নির্জন বাঁশ বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। নিতু তাতে বাধা দিলে চাকু দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে মিলন। নিতুর চিত্কারে স্থানীয় লোকজন ছুটে এলে মিলন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তারা মিলনকে আটক করে ধোলাই দিয়ে ডাসার থানা পুলিশে সোপর্দ করেন। এ দিকে নিতুকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই সে মারা যায়।
নিতুর মা নিপা মণ্ডল বলেন, ‘আমার মেয়ে প্রতিদিন প্রাইভেট পড়ে। সে সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে মিলন তাকে ধর্ষণে ব্যর্থ হয়ে খুন করেছে। আমি খুনের বিচার চাই।’
এ ব্যাপারে ডাসার থানার ওসি এমদাদুল হক বলেন, নিতুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত মিলনকে আটক করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিতুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
ইত্তেফাক/এএন
