রায়পুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে অপহরণের অভিযোগ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩১
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক মাদরাসা ছাত্রকে অপহরণ-চেষ্টার অভিযোগ পাওয়া গেছে একই মাদরাসার শিক্ষক হাফেজ কামাল হোসেনের বিরুদ্ধে।
 
রবিবার সন্ধ্যায় ছাত্রের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে ওই শিক্ষকসহ দুইজনকে আসামি করে স্থানীয় থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। অপহরণ চেষ্টার শিকার ইউসুফ উপজেলার দক্ষিণ কেরোয়া গ্রামের ২নং ওয়ার্ড মাইন উদ্দিন বাড়ির আনোয়ার হোসেনের ছেলে ও দক্ষিণ কেরোয়া দরগোখোলা হাজী আব্দুর রশিদ কমপ্লেক্স নুরানি ও হাফেজিয়া মাদরাসার হেফজু বিভাগের ছাত্র।
 
অভিযোগে জানা গেছে, দুই বছর আগে লন্ডন প্রবাসী হাজি আব্দুর রশিদের মালিকানাধীন মাদরাসায় ইউসুফ হোসেনকে ভর্তি করানো হয়। শনিবার ঈদের ছুটি শেষে মাদরাসায় যায় ইউসুফ। ওই বিকালে অভিভাবকে না জানিয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির সিএনজি অটো রিকশায় ছাত্র ইউসুফকে আরো ভালো মাদরাসায় পাঠানোর কথা বলে তুলে দেয় মাদরাসার শিক্ষক কামাল হোসেন। ওই দিন রাতে সদর উপজেলার পেয়ারাপুর বাজারে ইউসুফকে রাস্তায় দাঁড় করিয়ে একটি দোকানে চা খেতে যায় অপহরণকারী। এ সময় ইউসুফ চিৎকার দিয়ে লোকজন জড়ো করলে অপহরণকারীরা পালিয়ে যায়। রাত ১১ টায় সংবাদ পেয়ে সদর উপজেলার পেয়ারাপুর বাজারে থেকে ইউসুফকে উদ্ধার করে তার বাবা আনোয়ার হোসেন।
 
অভিযুক্ত হাফেজ কামাল হোসেন বলেন, ‘ইউসুফ অপহরণ হয়নি। সে আলামিন নামে অন্য এক ছাত্রের কাছ থেকে ১০ টাকা নিয়ে মাদরাসা থেকে পালিয়ে নানার বাড়ি চলে যায়। আর কিছু বলতে বলতে পারবোনা।’
রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন বলেন, ‘দুইজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ঘটনাটি তদন্তর জন্য সোমবার দুপুরে ওই মাদরাসায় গিয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
 
ইত্তেফাক/এএসএমইউ