বেনাপোলে সিএন্ডএফ এজেন্ট স্টাফদের কর্মবিরতি পালন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৫৩
বেনাপোল কাস্টমস অফিসার কর্তৃক ব্যবসায়ীদের হয়রানি, লাইসেন্স বিন লক ও কাস্টমস সরকার লাইসেন্স বাতিলসহ মিথ্যা মামলার প্রতিবাদে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছে সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশন।
 
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়। কর্মবিরতির কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত বেনাপোল কাস্টমস হাউজে আমদানিকৃত পণ্য খালাসের জন্য কোনো বিল অব এন্ট্রি দাখিল করা হয়নি। এ সময় বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকে।
 
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানান, দীর্ঘদিন আমদানিকৃত একটি পণ্যের ফাইল আটকে রাখার ঘটনাকে কেন্দ্র করে ৭ সেপ্টেম্বর মেসার্স নিরা এন্টারপ্রাইজ নামে এক সিএন্ডএফ এজেন্টের স্টাফের সঙ্গে কাস্টমসের ৪ নম্বর শুল্কায়ন গ্রুপের আমিরুল ইসলাস নামে এক সহকারী রাজস্ব কর্মকর্তার বাক্বিতণ্ডা হয়। এ ঘটনায় বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ন কমিশনার মোস্তাফিজুর রহমান নিরা এন্টার প্রাইজের লাইসেন্স বিন লকসহ স্টাফ সাইফুল ইসলাম রিপনের কাস্টমস কার্ড বাতিল করে দেন।
অপর এক ঘটনায় যুগ্ন কমিশনার মোস্তাফিজুর রহমান কয়েকজন স্টাফের নামে মিথ্যা মামলা করেছেন। এসব ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন ও বিক্ষোভ সমাবেশ পালন করা হয়েছে।
 
তিন দফা দাবি না মানা হলে বুধবার সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত ও রবিবার সকাল-সন্ধা কর্মবিরতি পালনের ডাক দেয়া হবে।
 
ইত্তেফাক/এএসএমইউ