শুল্ক দিয়ে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর হয়ে ভারতের ত্রিপুরায় পণ্য পরিবহন শুরু হয়েছে।
সোমবার দুপুরে ভারতীয় রড বোঝাই একটি ট্রেইলর ও তিনটি ট্রাকে করে ১২১ টন রড ত্রিপুরায় পৌঁছে। ত্রিপুরা থেকে এসব রড দেশটির সেভেন সিস্টার খ্যাত সাতটি অঙ্গরাজ্যে পৌঁছানো হবে।
আশুগঞ্জ নৌবন্দরের পরিদর্শক মো. শাহ আলম জানান, সকাল ৯টার দিকে ১২১ টন রড নিয়ে একটি ট্রেইলর ও তিনটি ট্রাক আশুগঞ্জ নৌবন্দর ছেড়ে যায়। পরে দুপুরে আখাউড়া স্থলবন্দরে আনুষাঙ্গিক কাজ শেষে ত্রিপুরা রাজ্যের রাজধানীয় আগরতলায় প্রবেশ করে। বাকি পণ্যগুলো (রড ও চাল) পর্যায়ক্রমে ত্রিপুরায় পৌঁছে দেয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী কমিশনার কামরুল ইসলাম (ভ্যাট ও কাস্টমস্) জানান, ভারত-বাংলাদেশের মধ্যকার নৌ-প্রটোকল চুক্তির চুক্তির আওতায় ভারতীয় এসব পণ্য পরিবহনে ভয়েজ পারমিশন ফি, পাইলট ফি, বার্দিং (অবস্থান) ফি, ল্যান্ডিং ফি, চ্যানেল চার্জ ও লেবার হোলিং চার্জসহ প্রতি টনে ১৯২ টাকা ২২ পয়সা হারে শুল্ক আদায় করা হবে।
