নিতু হত্যার কথা স্বীকার মিলনের

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ২০:৩৬
মাদারীপুরের ডাসারে স্কুলছাত্রী নিতু হত্যায় আটক মিলন মণ্ডল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
 
সোমবার বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় মিলন।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা ডাসার থানার এসআই বায়েজীদ মৃধা জানান, সোমবার বিকেল ৪টায় মিলনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। মিলন মণ্ডল তখন হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়। পরে দীর্ঘ আড়াই ঘণ্টা মিলনের জবানবন্দি নিয়ে বিচারক ফৌজিয়া হাফসার তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
 
মাদারীপুরে ডাসার থানার নবগ্রাম হাইস্কুলের নবম শ্রেণির স্কুলছাত্রী নিতু হত্যার ঘটনায় রোববার রাতেই ডাসার থানায় মামলা হয়েছে। এ ঘটনায় সোমবার বেলা সাড়ে ১১টার দিকে স্কুলের ছাত্র-ছাত্রীরা ও শিক্ষকরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নবগ্রাম হাইস্কুল মাঠে মানববন্ধন করেছে। হত্যাকাণ্ডে জড়িত মিলনকে প্রধান আসামি করে নিহত নিতুর বাবা নির্মল মণ্ডল বাদী হয়ে ডাসার থানায় হত্যা মামলা দায়ের করেন।
 
উল্লেখ্য, কালকিনি উপজেলার ডাসার থানার নবগ্রাম ইউনিয়নের আলিসারকান্দি গ্রামে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রী নিতু মণ্ডলকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত নিতু নবগ্রাম হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিলন মণ্ডলকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।